ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে আজই ফোনালাপ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল। এর আগে দুই নেতার মধ্যে আলোচনার পরিকল্পনার কথা জানানো হলেও সর্বশেষ গামলিয়েল বলেন, ফোনালাপটি আজকের মধ্যেই হতে পারে।
ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। এবার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং প্রথমবারের মতো লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন নেতানিয়াহু।
গিলা গামলিয়েল আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে লেবাননের উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
তবে এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য এই ফোনালাপ সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সম্ভাব্য আলোচনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
