মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি ব্লক হয়ে গিয়েছিল। পরে সেটি পুনরায় ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মেটা এ ঘটনার ব্যাখ্যা ভারত সরকারকে দিয়েছে। তবে কেন ভিডিওটি সরানো হয়েছিল এবং মেটার ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য, তা সরকার যাচাই করছে। প্রয়োজনে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে ভারত সরকার বা মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ভুলবশত এই কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।”

গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে একটি শিক্ষার্থী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরা হয়েছিল। সেখানে তিনি তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি (Gen Z)-এর উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ভিডিওটি সরিয়ে নেওয়ার সময় ভারতের কিছু ব্যবহারকারী একটি নোটিশ দেখতে পান, যেখানে বলা হয়েছিল— “আইনি অনুরোধের কারণে এই অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।” তবে পরে মেটা স্পষ্ট করে জানায়, এটি কোনো নীতিগত বা আইনি সিদ্ধান্ত ছিল না; বরং প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভিডিওটি সাময়িকভাবে সরানো হয়েছিল।

উল্লেখ্য, ভিডিওটি সরানোর আগে কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। পরে সমস্যার সমাধান করে সেটি আবার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয় মেটা।