সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
এতে কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্যসহ প্রশ্নপত্র গ্রহণকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিসি টেলিভিশন ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব তথ্য কন্ট্রোলার অ্যাট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ঠিকানায় ই-মেইল করতে হবে।
আরও জানানো হয়, রবিবার অফিস সময়ের মধ্যেই এসব তথ্য পাঠানো বাধ্যতামূলক এবং বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের এই নির্দেশনার লক্ষ্য হলো পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম বা নকল প্রতিরোধ করা।
