দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

চট্টগ্রাম দেশ জুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন কাজ শুরু হয়েছে। সফলভাবে খনন সম্পন্ন হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন এ কে এম মিজানুর রহমান।

জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে বর্তমানে উৎপাদন থাকা ২২টি কূপ থেকে দৈনিক প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলনের কারণে ফিল্ডের চাপ ও মজুত কমে উৎপাদন হ্রাস পেয়েছে।

এ পরিস্থিতিতে নতুন গ্যাস উৎস অনুসন্ধানে থ্রিডি সিসমিক জরিপ প্রকল্প গ্রহণ করে বিজিএফসিএল। এর অংশ হিসেবে তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে। তিতাস কূপটি প্রায় ৫ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে এবং এতে সময় লাগবে প্রায় সাত মাস।

খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। সফলভাবে কাজ শেষ হলে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

মো. আব্দুল জলিল প্রামাণিক বলেন, তিতাসসহ অন্যান্য ফিল্ডে নতুন কূপ খনন এবং পুরোনো কূপ ওয়ার্কওভার প্রকল্পের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই গভীর অনুসন্ধান কূপ সফল হলে জ্বালানি খাতে এটি বড় মাইলফলক হবে এবং সংকট অনেকটাই কমে যাবে।

এ কে এম মিজানুর রহমান বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরে ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশীয় গ্যাস অনুসন্ধান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।