হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে যে বার্তা মিলল

হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে যে বার্তা মিলল

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের এক পার্শ্ব বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল এ আলোচনা করে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান, যাতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিরাপদে চলাচল করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় মধ্যস্থতা করা হয়। তিনি বলেন, হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ ইরানের প্রতি কৃতজ্ঞ।

বৈঠকে চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একটি ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের কথা তুলে ধরে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ আশা প্রকাশ করেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত খতিয়ে দেখেন এবং রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই বৈঠককে হরমুজ প্রণালিতে বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।