২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সূচি ও গ্রুপ পর্ব চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার নারীদের এই মর্যাদাপূর্ণ ফুটবল আসর।
বুধবার রাজধানী ঢাকায় সাফ কার্যালয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। ছয়টি দেশকে নিয়ে অনুষ্ঠিতব্য এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ এবার মাঠে নামবে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে।
রাজনৈতিক কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের চলমান বৈরিতার কারণে পাকিস্তান নারী দল ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রায় এক দশক পর ভারত সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে গোয়ার মারগাঁও শহরের ফতোরদা স্টেডিয়ামে।
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম আসর হয়েছিল ২০১০ সালে ঢাকায়। সেই আসর থেকে টানা পাঁচবার শিরোপা জিতেছিল ভারত। তবে ২০২২ সালে সেই আধিপত্য ভেঙে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর সর্বশেষ আসরেও শিরোপা ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এবার বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।
