২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর বরাতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জাম্পোলি ফিফার কাছে এই প্রস্তাব উত্থাপনের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে তুলে ধরেছেন।
পাওলো জাম্পোলি বলেন, তিনি ইতালীয় বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে ইতালিকে দেখতে চাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। তার ভাষায়, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই এ পরিকল্পনা সামনে আনা হয়েছে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের সমালোচনার পর দুই নেতার সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত এবং তারা টুর্নামেন্টে খেলবে বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ইরানও একাধিকবার জানিয়েছে, তারা ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ইরানের অনুরোধ ইতোমধ্যে নাকচ করেছে ফিফা।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হয়ে ১৯ জুলাই পর্দা নামবে এই আসরের।
