যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে আবারও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন সাংবাদিক আমাল খলিল। এ সময় তার অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রথম হামলার পর দ্বিতীয় দফায় আঘাত হেনে তার মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয়ভাবে তিনি সাহসী ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
এই হামলায় আরও এক সাংবাদিক জয়নব ফারাজ গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
এদিকে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপরও হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিরুদ্ধে। এতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন। একই সময়ে নাবাতিয়েহ জেলা ও ইয়াহমার আল শাফিক শহরে পৃথক ড্রোন হামলায় আরও দুই লেবানিজ নাগরিক প্রাণ হারান।
এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
