ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না: ট্রাম্প

ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না: ট্রাম্প

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ডিনার পার্টির সময় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তু হতে পারেন, কিন্তু এতে তিনি নিরুৎসাহিত হবেন না।

ট্রাম্প বলেন, “আপনি যখন এ ধরনের কিছু করেন, তখন আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। আমি যদি এসব না করতাম, তাহলে হয়তো লক্ষ্যবস্তু হতাম না। তবে এটা আমার জন্য সম্মানের বিষয়।”

তিনি আরও বলেন, “ইরান ইস্যুতে যুদ্ধ জয়ের পথে কেউ আমাকে থামাতে পারবে না। ওই ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা আমি জানি না। তবে এখন পর্যন্ত যা জানি, তাতে আমি তা মনে করি না।”

প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয় এবং বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়।

ঘটনার সময় ট্রাম্প ও উপস্থিত অন্যান্যরা টেবিলের নিচে আশ্রয় নেন। পরে দ্রুত নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভারী অস্ত্রধারী সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।