ইরানে ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য আলোচনায় অনাগ্রহ

ইরানে ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য আলোচনায় অনাগ্রহ

আন্তর্জাতিক

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এক জনসমাবেশে দেশটির বহুল আলোচিত ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শন করা হয়েছে। সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী ও নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এই ড্রোনগুলো প্রদর্শনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইরান বরাবরই তাদের প্রতিরক্ষা সক্ষমতার বার্তা দিতে শাহেদ সিরিজের ড্রোন জনসমক্ষে প্রদর্শন করে থাকে। বিশ্লেষকদের মতে, এ ধরনের আয়োজন আঞ্চলিক প্রতিপক্ষ ও আন্তর্জাতিক মহলের কাছে সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার একটি কৌশল।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে প্রকাশ্য কোনো মাধ্যমে আলোচনা করবে না।

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর দুই সপ্তাহ ধরে চলা মার্কিন নৌ-অবরোধের কারণে অন্তত ৩৮টি জাহাজ ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারেনি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ৩৮টি জাহাজকে পথ পরিবর্তন করতে অথবা বন্দরে ফিরে যেতে নির্দেশ দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একদিকে ইরানের সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ নজরদারি—এই দুই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।