যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। এর আগে ৭ মে যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হবে।
জানা গেছে, Orlando International Airport থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে Emirates-এর একটি ফ্লাইটে মরদেহটি প্রথমে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, Tampa-তে স্থানীয় সময় ৬ মে দুপুরে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, University of South Florida কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে Howard Frankland Bridge এলাকার কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
