মেসিকে বাদ দিয়ে নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান। আর সেই তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত মরগানের একাদশে জায়গা পেয়েছেন ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি। তবে সবচেয়ে বড় চমক ছিল লিওনেল মেসির অনুপস্থিতি।
এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন মরগান। তিনি বলেন, ‘এটা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। মেসি আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।’
মরগানের বেছে নেওয়া দলে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা।
মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য অবশ্য নতুন নয় মরগানের জন্য। অতীতেও তিনি একাধিকবার রোনালদোকেই সর্বকালের সেরা ফুটবলার বলে দাবি করেছেন এবং মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।
তবে এবার তার মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে ফুটবলভক্তদের মধ্যে। অনেকের মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়া ব্যক্তিগত পক্ষপাতেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে কেউ কেউ বলছেন, সর্বকালের সেরা একাদশ পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই মতভেদ থাকতেই পারে।
