ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে তিনি ভারতের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। জেনারেল বিপিন রাওয়াত ও জেনারেল অনিল চৌহানের পর তৃতীয় ব্যক্তি হিসেবে এ পদে দায়িত্ব নিচ্ছেন তিনি।
বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন এন এস রাজা সুব্রামানি। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। পরে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতের পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ মে বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।
ভারতীয় নৌবাহিনীতে ১৯৮৭ সালে যোগ দেওয়া কৃষ্ণ স্বামীনাথন যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।
