সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ শুক্রবার (৮ মে) মক্কায় মারা যান যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪)। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
এদিকে এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন রয়েছেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।
