বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা দীর্ঘদিন ধরেই জনসমক্ষে কম দেখা যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। সম্প্রতি মাশরাফিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা। তিনি বলেন, বর্তমানে ভালো নেই মাশরাফি ও তার পরিবার। প্রায় দুই বছর ধরে এক ধরনের গৃহবন্দি জীবনের মতো পরিস্থিতির মধ্যে সময় কাটছে বলে দাবি করেন তিনি।
গোলাম মুর্তজার ভাষ্য, আগের সেই প্রাণবন্ত ও হাসিখুশি মাশরাফিকে এখন আর দেখা যায় না। তিনি জানান, খুব কম কথা হয় ছেলের সঙ্গে এবং মানসিকভাবে আঘাত পেয়েছেন মাশরাফি।
তিনি আরও বলেন, মাশরাফির একটি কথা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তার দাবি, মাশরাফি নাকি বলেছেন—‘আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।’ পারিবারিক আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের পরিবার সাধারণভাবেই জীবনযাপন করে এবং জমিজমা ও খামারের আয় দিয়েই সংসার চলে। কোনো ধরনের অনৈতিক উপায়ে আয় বা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে পরিবার কখনো জড়িত ছিল না বলেও দাবি করেন তিনি।
মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন এবং দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
