ছাব্বিশ বিশ্বকাপে খরচ হচ্ছে কত? গত তিন দশকের বিভিন্ন আসরে ব্যয় হয় যত অর্থ

ছাব্বিশ বিশ্বকাপে খরচ হচ্ছে কত? গত তিন দশকের বিভিন্ন আসরে ব্যয় হয় যত অর্থ

খেলাধুলা

মাঠের লড়াইয়ের গণ্ডি ছাড়িয়ে ফিফা বিশ্বকাপ এখন বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক মেগা ইভেন্টে পরিণত হয়েছে। গত তিন দশকে বিশ্বকাপ আয়োজনের ব্যয় কয়েকগুণ বেড়েছে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে যেখানে খরচ হয়েছিল মাত্র আধা বিলিয়ন ডলার, সেখানে ২০২৬ সালের আসরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩.৯ বিলিয়ন ডলার। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নতুন ফরম্যাটে দল, ম্যাচ ও ভেন্যুর সংখ্যা বাড়ায় ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ব্যয়ের হিসেবে এখনো সবার শীর্ষে রয়েছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ।

২০২২ কাতার বিশ্বকাপ: ব্যয়ের সব রেকর্ড ভাঙা আয়োজন ২০২২ সালে কাতার বিশ্বকাপ আয়োজন করতে প্রায় ২২০ বিলিয়ন ডলার ব্যয় করে, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। এই বিপুল অর্থের বড় অংশ ব্যয় হয় স্টেডিয়াম নির্মাণ, নতুন শহর, অবকাঠামো উন্নয়ন, মেট্রো রেল ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: ব্যয়ের দিক থেকে দ্বিতীয় ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করতে প্রায় ১৫ বিলিয়ন ডলার খরচ করে। স্টেডিয়াম সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ায় বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভও দেখা যায়।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা রাশিয়া ২০১৮ সালের আসরে প্রায় ১১.৬ বিলিয়ন ডলার ব্যয় করে। দেশটি মূলত স্টেডিয়ামের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করে।

অন্যান্য বিশ্বকাপের ব্যয়

২০১০ সালে আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী দক্ষিণ আফ্রিকা প্রায় ৩.৬ বিলিয়ন ডলার ব্যয় করে। ২০০২ সালে যৌথ আয়োজক জাপান ও দক্ষিণ কোরিয়া খরচ করে প্রায় ৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০০৬ সালে জার্মানি প্রায় ৩.৬ বিলিয়ন ডলার ব্যয়ে বিশ্বকাপ আয়োজন করে।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ আয়োজন করতে প্রায় ২.৩ বিলিয়ন ডলার ব্যয় করে, যা ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল।

বিশ্লেষকদের মতে, নতুন ফরম্যাটে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা, ম্যাচ ও ভেন্যু বাড়ায় নির্ধারিত ১৩.৯ বিলিয়ন ডলারের বাজেট আরও বাড়তে পারে। ফলে বিশ্বকাপ এখন শুধু ফুটবলের আসর নয়, বরং বিলিয়ন ডলারের বৈশ্বিক অর্থনৈতিক আয়োজনেও পরিণত হয়েছে।