পানামাকে ৬-২ গোলে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

খেলাধুলা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। সোমবার (১ জুন) রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। খেলার দ্বিতীয় মিনিটেই দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। তবে ১৪তম মিনিটে ব্রাজিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা।

সমতায় ফেরার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ভিনিসিউসের ক্রস থেকে কাসেমিরোর হেডে আবারও লিড নেয় ব্রাজিল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। গোলরক্ষক ছাড়া বাকি ১০ খেলোয়াড় পরিবর্তন করে মাঠে নামান তিনি। তার এই কৌশলই বড় ব্যবধানের জয়ের পথ তৈরি করে দেয়।

৫৩তম মিনিটে হায়ানের গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল। এরপর ৬০ মিনিটে লুকাস পাকেতা এবং ৬৩ মিনিটে পেনাল্টি থেকে থিয়াগোর গোল ম্যাচকে একতরফা করে তোলে। ৮১তম মিনিটে পাকেতার পাস থেকে দানিলো সান্তোস গোল করলে ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে।

ম্যাচের ৮৪তম মিনিটে কার্লোস হার্ভের দূরপাল্লার শটে পানামা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধান কমাতেই সাহায্য করে। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন দাপুটে পারফরম্যান্সে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সেলেসাওরা। আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।