সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ চলাকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে ৮ হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোনো এক পক্ষ আক্রান্ত হলে পারস্পরিক প্রতিরক্ষায় সহায়তা করার বাধ্যবাধকতা থাকা চুক্তির আওতায় এই সামরিক মোতায়েন করা হয়েছে।

তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, সৌদি আরবের ওপর নতুন করে হামলা হলে সহায়তার জন্য এটি একটি যুদ্ধ-সক্ষম বাহিনী হিসেবে প্রস্তুত থাকবে।

সূত্রগুলো জানায়, পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি স্কোয়াড্রন সৌদি আরবে পাঠিয়েছে। এর অধিকাংশই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলের শুরুতে এসব বিমান মোতায়েন করা হয়। পাশাপাশি দুই স্কোয়াড্রন ড্রোনও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া প্রায় ৮ হাজার সেনা এবং চীনা এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতিও রয়েছে বলে জানা গেছে। এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি সেনাসদস্যরা পরিচালনা করছেন এবং ব্যয় বহন করছে সৌদি আরব।

রয়টার্স জানায়, প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টিও রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যুদ্ধজাহাজ সৌদি আরবে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী, দেশটির পররাষ্ট্র দফতর কিংবা সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত শর্ত গোপন রাখা হলেও উভয় দেশ জানিয়েছিল, হামলার ঘটনায় একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে তারা বাধ্য থাকবে।