ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানির দাম বৃদ্ধি

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানির দাম বৃদ্ধি

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মে মাসে এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। খবর জানিয়েছে রয়টার্স।

শনিবার (২৩ মে) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে ৯৯ দশমিক ৫১ রূপি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ডিজেলের দাম ৯১ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৯২ দশমিক ৪৯ রূপি করা হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। তবে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা শুরুর পরও বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারত খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে তুলনামূলক বেশি সময় নিয়েছে।

চলতি মাসে তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে। এর আগে গত ১৫ মে চার বছরের মধ্যে প্রথমবারের মতো জ্বালানির মূল্য সমন্বয় করেছিল দেশটি।

ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো একবারে বড় ধরনের মূল্যবৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে দাম বাড়ানোর কৌশল নিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজ্য নির্বাচন শেষ হওয়ার পর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও আলোচনায় এসেছে।

এদিকে প্রধান বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের অসন্তোষ এড়াতে সরকার দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি। নির্বাচন শেষ হওয়ার পর সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভারত পেট্রোলিয়ামের চেয়ারম্যান জানিয়েছেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরও কোম্পানিগুলো প্রতি লিটার ডিজেলে ২৫ থেকে ৩০ রূপি এবং পেট্রোলে ১০ থেকে ১৪ রূপি পর্যন্ত লোকসান বহন করছে।

ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোকে সচল রাখতে সরকার আপাতত কোনো ভর্তুকি বা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে না।