মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

আইন-আদালত

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রিটে তার সঙ্গে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার এ রিট দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

ঘটনার বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। যে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ছিল।

তিনি বলেন, নুরজাহান বেগমের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। এ ঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি ঠিক কবে এবং কী কারণে মারা গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।