ঈদযাত্রায় ১৩ দিনে ২৯২ সড়ক দুর্ঘটনা, নি'হ'ত ২৮১

ঈদযাত্রায় ১৩ দিনে ২৯২ সড়ক দুর্ঘটনা, নি’হ’ত ২৮১

জাতীয়

ঈদুল আজহার আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। একই সময়ে ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১২৪ জন। এছাড়া বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় বিভিন্ন যানবাহনের ৮ জন যাত্রী নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে ফরিদপুরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। জেলাটিতে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।