রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রোববার (৭ জুন) সকালে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

আলোচিত এই মামলাটি দেশের বিচারিক ইতিহাসে বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, এটি প্রথম ধর্ষণ ও হত্যা মামলা যার বিচারকাজ মাত্র চার দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে দ্রুত অগ্রগতি এনে ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত ১ জুন মামলার বিচারকাজ শুরু হয়। পরদিন ২ জুন রামিসার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।

আলোচিত এই মামলার রায়কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।