বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ বিষয়ক আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব চুক্তি ও দলিল বিনিময় হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতার আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে এসব দলিলে স্বাক্ষর ও বিনিময় সম্পন্ন করেন।
দুই দেশের মধ্যে এই চুক্তিগুলোকে সাংস্কৃতিক সহযোগিতা, নিরাপত্তা অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
