হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার (১২ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনগত উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আবেদনটি খারিজ করা হয়েছে।
এর আগে গত ৫ জুলাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমকে আসামি করা হয়।
বাদীর অভিযোগে বলা হয়, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যাসংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে।
এছাড়া, অভিযোগে দাবি করা হয় যে, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায়।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে আদালত এসব অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের মতো যথেষ্ট আইনগত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।
