আগামী সপ্তাহে ইরানে মার্কিন সামরিক অভিযান আরও তীব্র হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান আলোচনায় ফিরলেও প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ফক্স নিউজ-এ প্রচারিত এক সাক্ষাৎকারের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি এবং বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দেশই ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকদের তলব করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে ও চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য ও ঠিকাদারদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারির লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রতিবেদনে টেলিকম ডেটা, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য উদ্ধৃত করা হয়েছে।
