রাজধানীর মতিঝিল এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার চার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন—মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।
