সামরিক সুবিধা নিশ্চিত করেই যুদ্ধের ইতি চায় ইরান

সামরিক সুবিধা নিশ্চিত করেই যুদ্ধের ইতি চায় ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান চাইলেও তার আগে সামরিক ক্ষেত্রে ‘সুবিধাজনক অবস্থান’ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হতে পারে দুইভাবে—নিরঙ্কুশ সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় যাওয়ার সঠিক সময় নির্ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আরাঘচির ভাষ্য, “আলোচনার উপযুক্ত সময় তখনই আসে, যখন সামরিক ক্ষেত্রে নির্ভরযোগ্য সাফল্য ও কৌশলগত অর্জন নিশ্চিত করা যায়।”

তিনি বলেন, দেশের জনগণের জীবন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। তাই যুদ্ধবিরতি বা আলোচনার মতো সিদ্ধান্ত পূর্ণাঙ্গ হিসাব-নিকাশ ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বকে সবসময় মূল্যায়ন করতে হবে—যুদ্ধ চালিয়ে গেলে লাভ বেশি হবে, নাকি এতে মানবিক ও জাতীয় ক্ষতির পরিমাণ আরও বাড়বে।