চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

দেশ জুড়ে বাংলাদেশ

চুয়াডাঙ্গা ও মাগুরায় পৃথক দুই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) দুই জেলার আদালতে পৃথকভাবে এ রায় ঘোষণা করা হয়।

মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাসান বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ হাসান শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে শিশু মরিয়ম খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন মাঠে শাক তুলতে গেলে কৌশলে তাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।