দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইশমাইলকে বিয়ে করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিয়ের কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নের বিয়ের একগুচ্ছ ছবি ও একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে সাদা গাউনে উজ্জ্বল ও হাস্যোজ্জ্বল জেনিফারকে দেখা যায়। বিভিন্ন ছবিতে স্বামী উইলিয়াম ইশমাইলের সঙ্গে রোমান্টিক মুহূর্ত, কনের সাজ, সূচিকর্ম করা ভেইল এবং চার্চের সিঁড়ি দিয়ে হেঁটে আসার দৃশ্য স্থান পেয়েছে। একটি ছবিতে বাবাকে জড়িয়ে ধরা আবেগঘন মুহূর্তও ধরা পড়ে।
এর আগে প্রকাশ করা একটি ভিডিওতে চার্চে বিয়ের শপথ, আংটি বদল এবং বিয়ের ফটোশুটের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওর শেষে জেনিফার লেখেন, “Officially introducing my man, my husband, Will!” আর ক্যাপশনে যোগ করেন, “অবশেষে আমাদের তারারা একসঙ্গে মিলেছে।”
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই যুক্তরাজ্যে ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মন্তব্য করেননি এই জুটি।
উইলিয়াম ইশমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন ফাইন্যান্স পেশাজীবী। ২০২২ সাল থেকে তিনি এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এর আগে জেনিফার উইনগেট টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয় এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
