প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ আখ্যা মোদির, সংসদে আলোচনায় প্রস্তুত সরকার

প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ আখ্যা মোদির, সংসদে আলোচনায় প্রস্তুত সরকার

আন্তর্জাতিক

নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিরোধীরা কেন্দ্র সরকারের সমালোচনা জোরদার করলেও সরকার দাবি করেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি সূত্রের দাবি, ঘটনাটি সামনে আসার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করেন এবং পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংশোধনমূলক উদ্যোগ গ্রহণ করেন। একই সঙ্গে বিরোধীদের তার পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করা হয়েছে। সরকারের ভাষ্য, এ দাবি শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে রাজনৈতিক চাপ তৈরির কৌশল।

মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি।

সিবিআই তদন্ত, গ্রেপ্তার ১৩ জনের বেশি সরকার জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্ত বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পরিচালনা করছে। এ পর্যন্ত ১৩ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে “ঘোর পাপ” হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছে সরকারি সূত্র।

দিল্লিতে নিট ইস্যুতে বড় বিক্ষোভের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলে মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলতে না পারে, তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়; বরং দেশের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাতীয় ইস্যু। তিনি এনডিএর সংসদ সদস্যদের সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

সংসদে আলোচনায় প্রস্তুত সরকার সরকারি সূত্র জানিয়েছে, নিট ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। তবে বিরোধীরা সরকারের এই অবস্থানে সন্তুষ্ট নয়।

রাহুল গান্ধীর অভিযোগ, সরকার শিক্ষার্থীদের সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না এবং তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তিনি ধর্মেন্দ্র প্রধান ও অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

রাহুল আটক, পাল্টা জবাব ধর্মেন্দ্র প্রধানের মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধীদের অবস্থান কর্মসূচির সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে।

রাহুলের দাবি ছিল, সংসদে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিক্ষোভ দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।

অন্যদিকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সরকার যখন সংসদে আলোচনা করতে প্রস্তুত, তখন কংগ্রেস গণতান্ত্রিক আলোচনার পরিবর্তে রাজনৈতিক নাটকের পথ বেছে নিয়েছে।

তার ভাষ্য, কংগ্রেসের লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যা সমাধান নয়; বরং রাজনৈতিক সুবিধা আদায় এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলা।