বিক্ষোভের সময় তাকে ও তার প্রয়াত মাকে গালিগালাজ করা হলেও সংশ্লিষ্টদের ক্ষমা করতে চান বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, যারা তাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, তাদের শাস্তি দেওয়া বা বারবার আদালতে হাজির করিয়ে হয়রানি করলেই সমস্যার সমাধান হবে না। খবর রয়টার্স।
তিনি বলেন, জন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ-বিদেশের মানুষ দেখেছে। কিছু তরুণ-তরুণী এমন ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তারা শুধু তাকে নয়, তার প্রয়াত মাকেও গালিগালাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, ভুল করা তরুণ বয়সের একটি স্বাভাবিক বিষয়। তাই তাদের শাস্তির বদলে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা উচিত। তিনি বলেন, এ ধরনের আচরণ সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটি সাংস্কৃতিকভাবে উদ্বেগজনক হলেও পথভ্রষ্টদের সুযোগ দেওয়া প্রয়োজন।
দাঁত ও জিভের উদাহরণ দিয়ে তিনি বলেন, কখনো কখনো জিভ দাঁতের ফাঁকে কেটে গেলেও দাঁত ভেঙে ফেলা হয় না। কারণ দুটিই শরীরের অংশ। একইভাবে যারা ভুল করেছে, তারাও সমাজেরই অংশ। তাই তাদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোই দায়িত্ব।
