রিয়াল মাদ্রিদে দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন কোচ জোসে মরিনহো। তবে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেননি তিনি। প্রাক-মৌসুমের এক প্রীতি ম্যাচে দুই গোলের লিড নিয়েও ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
অস্ট্রিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক গোল করে দলকে এগিয়ে দেন। পরে কামাভিঙ্গার পাস থেকে অ্যালেক্সিস সিরিয়া দ্বিতীয় গোল করলে প্রথমার্ধ শেষ হয় রিয়ালের ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।
বিরতির পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফিওরেন্তিনা। প্রথমে রবার্তো পিসোলি একটি গোল শোধ করেন। এরপর মোয়াসে কিন সমতাসূচক গোল করে ম্যাচ ২-২ এ ফেরান।
মরিনহোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের প্রথম একাদশে ছিলেন প্রথম দলের আটজন ফুটবলার। লিওঁ থেকে ধারের মেয়াদ শেষে ফেরা এন্দ্রিক গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। অন্যদিকে, নতুন যোগ দেওয়া কার্লোস এসপি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। আর ডেনজেল ডামফ্রিস খেলেছেন ৭৫ মিনিট।
