চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করা হয়। আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় পৃথকভাবে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আরও তিনজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়ির মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
