নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এ ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর আওতায় স্বেচ্ছায় কর পরিপালন বাড়াতে এ প্রণোদনা চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা কর ছাড়ের সুবিধা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে কোনো কর প্রণোদনা মিলবে না।
অন্যদিকে, নির্ধারিত সময় পার হওয়ার পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, তা অতিরিক্ত কর হিসেবে দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। অনলাইনে ঘরে বসেই রিটার্ন দাখিল, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করে কর ছাড়ের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
