প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এসব বিষয়কে কূটনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক অংশ উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। তাই আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই পক্ষকেই নিজেদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের সাধারণ মানুষও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো দেখতে চায়।
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে তিনি বাংলাদেশে যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তা তাকে সত্যিই অভিভূত করেছে।
