শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে জামিন পেলেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে জামিন পেলেন তানজিন তিশা

বিনোদন

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। একই সঙ্গে তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচার এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদীপক্ষ।

তবে অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ওঠে না বলেও জানান তিনি।

বাদীপক্ষের দাবি, এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ থাকায় আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত আইনি প্রক্রিয়ায় চলবে।