অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। এই স্মরণীয় জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এ সময় ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার ফলেই এমন অসাধারণ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের টেস্ট জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।