ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মিডলসবোরোর কাছে পুলিশের একটি গাড়ি ও একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ক্লিভল্যান্ড পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসবোরোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে একটি প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মী ও উদ্ধারকারী যান পাঠানো হয়। দুর্ঘটনার কারণে সড়কটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারী দলের মধ্যে জরুরি চিকিৎসাকর্মী, একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম এবং গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন চিকিৎসক ছিলেন।
তবে জরুরি সেবাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বেশ কয়েকজন ঘটনাস্থলেই মারা যান।
ক্লিভল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেন, দুঃখজনকভাবে এই সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
