বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

জাতীয়

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন। বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতির গাড়িবহর পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন তিনি এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার নিয়ম রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।