বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবিতে ২৪ জন নিখোঁজ, আছেন ১ বাংলাদেশি

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবিতে ২৪ জন নিখোঁজ, আছেন ১ বাংলাদেশি

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটি ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড সতর্কবার্তা পাঠিয়ে নাবিকদের উদ্ধারে সহায়তার অনুরোধ জানায়।

জাহাজডুবির খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে কোস্ট গার্ডের ‘ভারদ’ ও ‘আনমোল’ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘ভিজিত’ নামের একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত একটি লাইফ র‍্যাফট থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে নিখোঁজ বাকি নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার আহ্বান জানানো হয়েছে।