নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। এর মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তবে তিনি ও তার পুরো দল নিরাপদে আছেন বলে জানিয়েছেন এই শিল্পী।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসরিফ জানান, নেপালে অবস্থান করলেও এখন পর্যন্ত তারা নিরাপদে আছেন। একই সঙ্গে ভয়াবহ এই দুর্যোগে নেপালের উত্তরাঞ্চলে শত শত পর্যটক নিখোঁজ হওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের কথা জানিয়ে তাসরিফ বলেন, দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের অসংখ্য মানুষ ফোন ও বার্তার মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন। তাদের আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তাসরিফ শুধু নিজের ও দলের নিরাপত্তার বিষয়টিই জানাননি, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের স্থানীয় মানুষদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তিনি দুর্যোগে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত সব মানুষের জন্য দোয়া করার কথাও জানান।
