জন্মদিনের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

জন্মদিনের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

বিনোদন

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান লাভ’-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে সময় তিনি তার মায়ের সঙ্গে ছিলেন। দ্রুত চিকিৎসা দেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই তার মৃত্যু ঘটে।

আইনজীবী আরও জানান, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকে (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের পর চূড়ান্ত কারণ জানা যাবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবী উগুর গোক্কোয়ুন। তিনি সবাইকে এ ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে তিনি ইয়াসার ইউনিভার্সিটির ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ নেন।

তুরস্কের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ইসি ইরতেমের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।