পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়

অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর হতে হবে। একই সঙ্গে শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিতভাবে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশও দেন তিনি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।

এ সময় আইজিপি পুলিশের আধুনিকায়ন, ডিজিটাল ব্যবস্থা চালু এবং বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি পুলিশের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।