ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থাপনাটিতে কোনো ধরনের তৎপরতা শনাক্ত হলে সেটিকে মার্কিন বাহিনীর সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’সহ বিভিন্ন স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে, তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখা গেলে কঠোর হামলা চালানো হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

যুক্তরাষ্ট্রের হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ অবস্থিত। অত্যন্ত সুরক্ষিত এই ভূগর্ভস্থ স্থাপনাটি ইরানের পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়ার সম্ভাবনা ঠেকাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় কী হচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং প্রয়োজন হলে সেখানে হামলা চালানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, মাত্র পাঁচ মাসের মধ্যেই ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা ঠেকানো হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে স্থাপন করা রাডার ও সেগুলো ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে দেশটি চাপের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।