বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ওমানের শ্রমবাজারে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। দেশটির পক্ষ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
তিনি জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়ে দুই দেশ কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ বাংলাদেশি শ্রমিকদের ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
