নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ছিল শেষ চারে ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে এড়িয়ে যাওয়া। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই দলীয় সংগ্রহ বড় করতে পারেনি তারা। দুই ম্যাচে জয় এলেও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়েছে বোলারদের।
ভারতের বিপক্ষে ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন শারমিন আক্তার সুপ্তা। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা ম্যাচের গুরুত্বকে চাপ হিসেবে দেখছেন না তিনি। বরং ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে আনন্দের বিষয় হিসেবে দেখছেন এই ব্যাটার।
শারমিন বলেন, চ্যাম্পিয়ন হতে হলে ভারতের মতো শীর্ষ দলের বিপক্ষেও খেলতে হবে। তাই ম্যাচটিকে চাপ হিসেবে না দেখে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।
এদিকে সেমিফাইনালের আগে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজনীয়তাও স্বীকার করেছেন শারমিন। টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা চার-ছক্কা ও বাউন্ডারি দেখতে চান। তবে পিচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই ক্রিকেটারদের খেলতে হবে বলে মনে করেন তিনি।
অন্যদিকে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। তিন ম্যাচেই প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। ফলে ফাইনালের টিকিট পেতে বাংলাদেশকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে।
