রেকর্ড গড়ার যেন অভ্যাসে পরিণত করেছেন লামিন ইয়ামাল। বয়স এখনো ২০ হয়নি, এর মধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে একের পর এক নজির গড়ে চলেছেন বার্সেলোনার এই তরুণ তারকা। এবার প্রতিযোগিতাটিতে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ফেইয়েনুর্দকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের মোট গোল অবদান এখন ২১টি। এর মধ্যে রয়েছে ১১টি গোল ও ১০টি সহায়তা।
এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ২০ বছর বয়সের আগে চ্যাম্পিয়নস লিগে কিলিয়ান এমবাপ্পের ২০ গোল অবদানের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ফলে সবচেয়ে কম বয়সে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল অবদানের নতুন রেকর্ড এখন ইয়ামালের দখলে।
তবে শুধু গোল ও সহায়তার রেকর্ডেই থামেননি এই স্প্যানিশ তারকা। ম্যাচের ৭১তম মিনিটে রাফিনিয়া মাঠ ছাড়ার পর ইয়ামালের হাতে ওঠে বার্সেলোনার অধিনায়কের বাহুবন্ধনী। এর মধ্য দিয়ে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার বিরল কীর্তিও গড়েছেন তিনি।
