দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পর অবশেষে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট খুলেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘হাঙ্গার গেমস’খ্যাত এই অভিনেত্রী মূল নামে অ্যাকাউন্ট না পাওয়ায় মজার একটি নাম ও বায়ো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।
অ্যাকাউন্ট চালুর পর অল্প সময়ের মধ্যেই জেনিফার লরেন্সের অনুসারীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে যায়। নিজের পুরো নামের অ্যাকাউন্টটি আগে থেকেই অন্য একজন ব্যবহার করায় তিনি নিজের অ্যাকাউন্টের নাম রেখেছেন ‘জেলো’।
অ্যাকাউন্টের পরিচিতি অংশে জেনিফার মজার ছলে জানিয়েছেন, ‘জেনিফার লরেন্স’ নামটি আগেই ব্যবহৃত হয়ে গেছে। তার ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে অ্যাকাউন্টটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও অ্যাকাউন্টটিতে সত্যায়িত চিহ্ন দিয়েছে।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি ব্যবহারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন জেনিফার। ইমেলের উত্তর ঠিকমতো দিতে না পারা থেকে শুরু করে ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ না করার বিষয়ও তিনি জানিয়েছিলেন। এমনকি একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে আসার সম্ভাবনাও নাকচ করেছিলেন তিনি।
তবে এবার আসন্ন চলচ্চিত্রের প্রচারণার প্রয়োজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সামনে ‘হাঙ্গার গেমস’-এর একটি প্রিক্যুয়েলে তাকে অতিথি চরিত্রে দেখা যেতে পারে। পাশাপাশি আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।
ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পরপরই জেনিফার লরেন্স লিওনার্দো ডিক্যাপ্রিও, ডাকোটা জনসন, মার্টিন স্কোরসেসি এবং সহশিল্পী জশ হাচারসনের মতো তারকাদের অনুসরণ করা শুরু করেছেন।
