সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

জাতীয়

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক ক্রাইম প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, হামলায় জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত কারণ এখনও তদন্তাধীন। তবে ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিউগিনি প্রপার্টিজ ও পাশের একটি জমির মালিকের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।

রাতের হামলায় ব্যাপক ভাঙচুর

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইসিবি চত্বরের পাশে নিউগিনি প্রপার্টিজের এলাকায় একদল লোক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কয়েকটি পিকআপে করে লোকজন সেখানে প্রবেশ করে এবং গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলাকারীরা প্রকল্পের সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করার পাশাপাশি বিভিন্ন মালামাল লুটের অভিযোগও উঠেছে। নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের দাবি, তাদের অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সময় নিউগিনি প্রপার্টিজের একটি ভবনে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’তেও হামলা ও ভাঙচুর করা হয়। স্টুডিওর আসবাব, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদাবাজির অভিযোগ নিয়ে পুলিশের ভিন্ন বক্তব্য

হামলার পর সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদাবাজির সঙ্গে ঘটনার যোগসূত্রের অভিযোগ সামনে আসে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো ঘটনা তারা পায়নি।

ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার নজমুল আলম বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না। নিউগিনি প্রপার্টিজ ও পাশের জমির মালিকের মধ্যকার বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। হামলার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত ছিল, তদন্ত শেষে তা আরও পরিষ্কার হবে।