দল চাইলে মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত ইশরাক

দল চাইলে মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত ইশরাক

জাতীয়

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর তিনি এ কথা জানান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক হোসেন।

তিনি বলেন, মেয়র নির্বাচনে কে প্রার্থী হবেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বলেও জানান তিনি।

ইশরাক আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে তাঁকে বিজয়ী করতেও তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। তাঁর কারণে সরকারের কোনো কর্মকাণ্ড যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।